অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় একটি ওষুধের দোকানে ডিবি পরিচয়ে চাঁদা আদায়কালে হোসেন আল মামুন ওরফে রাসেল (৩৫) নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। গ্রেফতারকৃত ওই প্রতারক কুষ্টিয়ার হাউজিং স্ট্রিট এলাকার আলতাব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ১ টার দিকে প্রতারক রাসেল মধ্য আরিচপুর এলাকার একটি ওষুধের দোকানে গিয়ে দোকানে চেতনা নাশক ওষুধ মজুদ আছে বলে মোটা অংকের চাঁদা দাবী করে। এ সময় তার কথাবার্তা ও আচরণে দোকানীর সন্দেহ হয়। পরে দোকানী এলাকার লোকজন ডেকে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে টঙ্গীর বিভিন্ন দোকান ও মার্কেটে ডিবি পরিচয়ে প্রতারণা করে চাঁদা আদায়ের আরো অভিযোগ রয়েছে। থানায় জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ধৃত আসামী পেশায় একজন প্রতারক। সে বিভিন্ন সময় টঙ্গী বিভিন্ন প্রতিষ্ঠানে ডিবি পরিচয় দিয়ে টাকা নিয়েছে। তার বিরুদ্ধে এ সংক্রান্তে থানায় মামলা নেয়া হয়েছে।


