টঙ্গীতে দুই বোনকে ধর্ষণ; গ্রেফতার-২

গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে মঙ্গলবার রাতে ১৮ ও ১৬ বছর বয়সী দুই বোন ধর্ষণের শিকার হয়েছে। টঙ্গী হাজী মাজার বস্তি এলাকার একটি খালি জায়গায় এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মোমেন (২১) ও শরীফ (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলায়। রাজধানী ঢাকার উত্তর বাড্ডা এলাকায় বসবাস করে। টঙ্গী বাজার এলাকার বাসিন্দা জয়নাল মিয়া নামের একজনের সঙ্গে দেখা করতে টঙ্গীতে আসে। রাত আটটার দিকে টঙ্গী বাজার এলাকায় এসে জয়নাল মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পান। এ সময় তারা টঙ্গী বাজার এলাকায় তুরাগ নদের পাশে দাড়িয়ে জয়নালের মুঠোফোনটি খোলার অপেক্ষায় অপেক্ষা করতে থাকেন। পরে এক অপরিচিত নারী এসে তাদেরকে একটু সামনে যেতে বলে। ওই নারীর কথা মতো তারা সামনে গেলে মো. নাঈম (২২), মো.রাসেল (১৯), মো. শরিফ হোসেন (২২), মোমেনসহ ৬ যুবক দুই বোনকে জোরপূর্বক তুরাগ নদের পারে থাকা একটি নৌকায় তুলে নেয়। এরপর তুরাগ নদের পাড়ে হাজী মাজার বস্তি এলাকার একটি পোশাক কারখানার পিছনে ফাঁকা জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই বোনকে উদ্ধার করে।

এ ঘটনায় ধর্ষিতা বড় বোন বাদি হয়ে অচেনা এক নারীসহ ছয়জনের নামে টঙ্গী পশ্চিম থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পরই খবর পেয়ে র‌্যাব-১-এর এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে শরীফ ও মোমেনকে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করে বলে র‌্যাব জানিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, নাঈম নামের এক যুবক বড় বোনকে ও রাসেল নামের অপর যুবক ছোট বোনকে পৃথক ভাবে ধর্ষণ করে। বাকি যুবকরা ও অচেনা নারী ধর্ষণে সহযোগিতা করেছে। এ ঘটনায় বড় বোন বাদী হয়ে একটি মামলা করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য দুজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজন তাদের পূর্ব পরিচিত। তা ছাড়া তাদের বর্ননা অনুযায়ী পুরো ঘটনাটি যাচাই বাছাই করে আসামীদের ধরার চেষ্টা চলছে।