টঙ্গীতে প্যাকেজিং কারখানায় গোডাউনে শুক্রবার দুপুরে আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাতাইশ এলাকার ওয়েগা প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিস লিমিটেড কারখানায় গোডাউনে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা টনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মো. মেজবা উদ্দিন আলীর মালিকানাধীন ওই প্যাকেজিং কারখানার সেমিপাকা গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফাসার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে গোডাউনে থাকা কাগজ, কার্টুন ও প্যাকেজিংয়ের বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল ইসলাম জানান, আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।