টঙ্গীতে প্রেমিকা হত্যার পলাতক প্রেমিক বরগুনা থেকে গ্রেফতার

গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে প্রেমিকাকে হত্যার দায়ে পলাতক প্রেমিক সুজনকে (২৮) গত শনিবার মধ্যরাতে বরগুনার আমতলি এলাকা থেকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সে পটুয়াখালীর রাঙ্গাবালী থানা এলাকার মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, টেইর্লাস কর্মী সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যমুনা রানী দাসের (৩০) সাথে গত বছরের প্রথম দিকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে তাকে বিয়ের প্রস্তাব দিলে গেল বছরের সেপ্টেম্বর মাসে নোয়াখালী থেকে গাজীপুরের কুনিয়া তাঁরগাছ এলাকার সুজনের বাসায় চলে আসে। পড়ে সে প্রেমিকা যমুনাকে তার বাসায় রেখে স্ত্রী পরিচয়ে লাগাতার ভোগ করতে থাকে। এক পর্যায়ে যমুনা তাকে বিয়ে করতে চাপ দিলে সুজন তা অগ্রাহ্য করে যমুনাকে বাসা থেকে চলে যেতে বলে।

এতে রাজি না হলে ৬ আগষ্ট রাতে ওই প্রেমিক তার প্রেমিকাকে বিষাক্ত দ্রব্য পান করিয়ে হত্যা করে। পরে যমুনার লাশ গুম করার উদ্দেশ্যে একটি প্রাইভেটকারে তুলে টঙ্গীর মরকুন এলাকার বালুর মাঠের একটি নির্জন স্থানে ফেলে যায়। পরদিন সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মামলা নং ১৮(৮)২০১৯ দায়ের শেষে ময়ণাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনার কয়েক দিন পর ওই বালুর মাঠ এলাকার সিসি ক্যামেরার ফুটেস দেখে লাশ গুম করার কাজে ব্যাবহৃত প্রাইভেট কার চালক নাঈমকে (২৬) টঙ্গী থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে নাঈমের দেয়া তথ্যের ভিত্তিতে বরগুনার আমতলি থেকে গত শনিবার রাতে সুজনকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসা হয়। থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। ৭ দিনের রিমান্ড আবেদন করে গতকাল রোববার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।