টঙ্গীতে ফেনসেডিলসহ চিহ্নিত কারবারী আটক

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর নগরীর টঙ্গীতে ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসেডিলসহ শাজাহান (৩৫) নামের এক চিহ্নিত কারবারীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর শীর্ষ মাদক কারবারী শাজাহানের আস্তানায় একটি অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানার এস আই জহুরুল ইসলাম, এএসআই ওমর ফারুকসহ একদল পুলিশ।

এসময় শাজাহানের বাড়িতে তল্লাশী চালিয়ে ১৭ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসেডিল উদ্ধার করা হয়। পরে ফেনসেডিল মজুদ ও বিক্রয় করার অপরাধে শাজাহানকে আটক করা হয়। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ টঙ্গীসহ আশপাশ এলাকায় ভারতীয় আমদানী নিষিদ্ধ অবৈধ ফেনসেডিল ব্যবসা চালিয়ে আসছিলো।

এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মু. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।