টঙ্গীতে ভুয়া ডিবি পরিচয় দানকারী ৪ যুবক গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকা থেকে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময় স্বপন শেখ (২৭), মো. রাজীব চৌধুরী (২৯), মো. খোরশেদ আলম (২৬) ও মো. রাশেদুল ইসলাম (২৭) নামে ৪ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পুর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত এ চক্রটি গাজীপুরের বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। গত সোমবার গভীর রাতে মরকুনের মধ্য পাড়া এলাকায় লোকজনকে বিভিন্ন ধরনের মামলার ভয় দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়া চেষ্টা করে চক্রটি। খবর পেয়ে টঙ্গী থানার এস আই জহুরুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে উল্লেখিত ৪ জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের অপর এক সঙ্গী পালিয়ে যায়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, চারটি মোবাইল সেট ও একটি সিজার জব্দ করা হয়েছে।

টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া ডিবি পরিচয় দানকারী ৪ জনকে গ্রেফতার ও মামলা শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।