অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর ভরান এলাকায় পিতা মসলা ব্যবসায়ী আব্দুল হালিম (৪২) তার প্রতিবন্ধী ছেলে নোমানকে (৮) হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার স্থানীয় বউ বাজার এলাকার শাহজাদা আলমের বাড়ির ৫ম তলায় এ ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহত আঃ হালিম নরসিংদীর বেলাবো থানার বটেরশ্বর গ্রামের বাসিন্দা। সে টঙ্গী বাজার ফুটপাতে মসলার ব্যবসা করত। নিহত রোমান টঙ্গী বাজার লোটাস কিন্ডারগার্টেন স্কুলের ২য় শ্রেণীর ছাত্র ছিল।
আত্মহননকারীর স্ত্রী ইসনাহার আক্তার জানায়, গত মঙ্গলবার রাতের খাবার শেষ করে জমজ দু’ছেলে ইফরাদ (৬), ইফরান (৬) ও ছোট ছেলে ইমরানকে (৪) নিয়ে ঘরের খাটে ঘুমিয়ে পড়ে। আর স্বামী হালিম বড় ছেলে নোমানকে নিয়ে ঘরের মেঝেতে ঘুমায়। এরপর রাতের যে কোন সময় হালিম তার বড় ছেলে নোমানকে বাইরে নিয়ে স্বাসরোধ করে হত্যার পর ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। সকালে ঘুম থেকে উঠে তার স্বামীর ঝুলন্ত লাশ দেখে উচ্চস্বরে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এস আই মেঝবাহ উদ্দিন একদল পুলিশ নিয়ে উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত হালিমের মামা কা ন মিয়া অভিযোগ করে বলেন, স্ত্রীর বড় ভাই দুলালের সাথে ব্যবসা নিয়ে হালিমের প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। এর জেরে দুলাল তার ভগ্নিপতি হালিমকে কয়েকবার মারধর করে। মঙ্গলবার দিনগত রাত তিনটায় হালিম রাগ করে আগে ছেলে রোমানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে।
টঙ্গী পুর্ব থানার আফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


