অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করলে এক নারী লোভীর বেধড়ক পিটুনীতে গুরুতর আহত হয়েছে স্বামী আ: মান্নান। ঘটনাটি ঘটেছে পাগাড় ঝিনু মার্কেট এলাকায়। এ বিষয়ে গতকাল টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, জোথি ওরফে লিপি স্বামীসহ পরিবারের লোকজন নিয়ে দীর্ঘদিন ওই এলাকার মজিবরের বাড়ির ভাড়া বাসায় বসবাস করে আসছেন। স্বামী আঃ মান্নান জাবের এন্ড যোবায়ের ফ্যাক্টরীতে কাজ করে। স্বামী কাজে চলে গেলে বিভিন্ন সুযোগে তাকে শারিরীক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দেয় নারী লোভী সিরাজ চৌধুরী।
বিষয়টি জোথি তার স্বামী মান্নানকে জানালে সে সিরাজের কাছে বিষয়টি জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ লাঠি দিয়ে পিটিয়ে মান্নানকে গুরুতর আহত করে। এ সময সিরাজ মিয়া মান্নানের পকেট থেকে একটি মোবাইল সেট ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উলাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা করান। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দেওয়ার পরও সিরাজ আইনের তোয়াক্কা না করে উল্টা ভুক্তভোগীকে এলাকা ছাড়া করার এবং মেরে ফেলাসহ বিভিন্ন প্রকার হুমকী ধামকী ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। সিরাজ এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে ওই পরিবারের লোকজন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


