টাইগার জিন্দা হ্যায় কি ছাড়িয়ে যাবে বাহুবালি কে?

বিনোদন ডেস্ক : গত ঈদুল ফিতরে মুক্তি পায় সালমান খান অভিনীত সিনেমা টিউবলাইট। কিন্তু খুব একটা সাড়া জাগাতে পারেনি সিনেমাটি। তবে বছর শেষে এ অভিনেতা ভক্তদের উপহার দিলেন ধামাকাদার সিনেমা টাইগার জিন্দা হ্যায়।

বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর মুক্তি পায় টাইগার জিন্দা হ্যায়। ভারতে ৪ হাজার ৬০০ এবং ভারতের বাইরে ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। মাত্র তিনদিনে ১১৩ কোটি রুপি আয় করে এটি। সপ্তাহ শেষে এর আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি।

২৮ ডিসেম্বর ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘টাইগার জিন্দা হ্যায়’র স্বপ্নের দৌড় চলছেই। আজ (বৃহস্পতিবার) এটি ২০০ কোটি রুপি আয় ছাড়াতে পারে।’ সিনেমাটি শুক্রবার ৩৪.১০ কোটি, শনিবার ৩৫.৩০ কোটি, রোববার ৪৫.৫৩ কোটি, সোমবার ৩৬.৫৪ কোটি, মঙ্গলবার ২১.৬০ কোটি, বুধবার ১৭.৫৫ কোটি রুপি অর্থাৎ বুধবার পর্যন্ত ১৯০.৬২ কোটি রুপি আয় করেছে বলেও তিনি জানান।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বক্স অফিসে টাইগার জিন্দা হ্যায় সিনেমা আরো ১৫-১৭ কোটি রুপি আয় করেছে। সুতরাং প্রথম সপ্তাহেই সিনেমাটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ২০১৭ সালে বলিউডের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল অজয় দেবগনের গোলমাল এগেইন। সিনেমাটির আয় ২০৫ কোটি রুপি। সেটিও ছাড়িয়ে গেল টাইগার জিন্দা হ্যায়।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। সিনেমাটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। দীর্ঘ পাঁচ বছর পর এতে জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা কাইফ। আর ফিরেই বাজিমাত।

সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। ইরাকে ভয়ংকর জঙ্গি সংগঠন আইএসসি’র হাতে জিম্মি হয় ২৫ জন ভারতীয় নার্স। জঙ্গিদের হাত থেকে নার্সদের মুক্ত করার দায়িত্ব পড়ে টাইগার অর্থাৎ সালমানের ওপর। তার সঙ্গে রয়েছেন পাকিস্তানি গুপ্তচর জয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ। শান্তি প্রতিষ্ঠার জন্য দুজন মিলে ঝাপিয়ে পড়েন মিশনে।