জেলা প্রতিবেদকঃ টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার একদিন পর মাহিম (৫) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) সকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ডুবাইল মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাহিম ওই গ্রামের মহির উদ্দিন মণ্ডলের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
শিশুটির মামা মোহাম্মদ আলী জানান, শুক্রবার (৮ মে) বিকেলে প্রতিবেশী আলিমের ছেলে বুশ মিয়ার (১০) সঙ্গে খেলতে যায় মাহিম। খেলা শেষে বুশ তাদের বাসায় মাহিমকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই মাহিম নিখোঁজ ছিল। শনিবার সকালে আলিমের বাড়ির সামনে মাহিমের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মর্গের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


