নিজস্ব প্রতিবেদক : টানা তিন মাস বেতন-বোনাস না পেয়ে রাজধানীর কল্যাণপুরে খাঁজা মার্কেটের বন্ড অ্যাপারেল পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে।
শনিবার দুপুরে পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই তারা অবরোধ তুলে নেন।
তারপরও এতে গাবতলী-আমিনবাজার ও ফার্মগেট-ধানমন্ডি থেকে শ্যামলী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যারা রাজধানী ছাড়ছেন তারা পড়ছেন চরম ভোগান্তিতে।
পোশাক শ্রমিকদের দাবি, গত এপ্রিল, মে ও চলতি জুন মাসের বেতন এবং ঈদ বোনাস দেওয়া হয়নি তাদের। শনিবার এক মাসের বেতনসহ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে মালিক পক্ষের কোনো লোককে না পেয়ে দুপুর ১টা থেকে সড়ক অবরোধ করেন তারা।
দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুজ্জামান জানান, আমরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে তাদের সঙ্গে আলোচনা করেছি, যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।


