‘শিশুদের টিকা দেওয়া ইসলাম ধর্ম বিরোধী। ইসলামিক স্কলার আহমাদুল্লাহ ও আজহারী হুজুরের পরামর্শে টিকা দেওয়া বন্ধ করেছিল ড. ইউনূস সরকার।’
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং টুইটারে ছড়ানো হচ্ছে। তবে বক্তব্যটি ভুয়া বলে জানিয়েছেন রিউমর স্ক্যানার টিম।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শিশুদের টিকা দেওয়া ইসলাম ধর্মবিরোধী, ধর্মীয় বক্তা আহমাদুল্লাহ ও আজহারি হুজুরের পরামর্শে ড. ইউনূস সরকার টিকাদান কার্যক্রম বন্ধ করেছিল’ এমন বক্তব্য শফিকুল আলম দেননি। প্রকৃতপক্ষে, তার নাম ব্যবহার করে কোনো ধরনের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, দাবির সূত্রপাত একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে। গত ৩১ মার্চ প্রকাশিত ‘ব্যাঙ্গবাজার’ নামের একটি পেজে একই ধরনের ফটোকার্ড প্রকাশ করা হয়, যা পরবর্তী সময়ে বিভ্রান্তিকরভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় এর অ্যাবাউট অংশে satire/parody হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বায়োতে ‘যারা ব্যঙ্গ বোঝে তাদের জন্য’ বাক্যটি ব্যবহার করা হয়েছে, যা পেজটির ব্যঙ্গাত্মক ও রম্যধর্মী কনটেন্ট প্রকাশের উদ্দেশ্য নির্দেশ করে।
এছাড়া পেজটিতে প্রকাশিত অন্যান্য পোস্টগুলো পর্যবেক্ষণ করেও দেখা যায় যে, সেগুলোর অধিকাংশই সার্কাজম বা ব্যঙ্গধর্মী উপস্থাপনা।
এছাড়া, আলোচিত দাবিটির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ পেত।
পাশাপাশি, শফিকুল আলমের সাম্প্রতিক কোনো বক্তব্য, সাক্ষাৎকার বা ভেরিফায়েড ফেসবুক পেজেও উল্লিখিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।


