টেকনাফে পুলিশ অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত যুবকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমানে নতুন পল্লান পাড়া স্থায়ী উখিয়া তুতুরবিল এলাকার নাছির উদ্দিনের ছেলে নুরুল বশর (৩৫), সাবরাং কাটাবুনিয়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান (৩২), সদরের ৪নং ওয়ার্ড নতুন পল্লান এলাকার মৃত নুর আলমের ছেলে আব্দুল গফুর (১৬)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বুলবুলের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আটক আসামীর নুরুল বশরের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত তিন আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।