টেকনাফ বার্মিজ মার্কেটে পুড়ল শতাধিক দোকান

জেলা প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের পৌর শহরের বার্মিজ মার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি।

বুধবার রাতেই টেকনাফ বার্মিজ মার্কেটে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনাফ ও উখিয়ার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ওই মার্কেটে ১৬৪টি দোকান ছিল বলে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যবসায়ীরা আগুনের ক্ষতি থেকে বাঁচতে তাদের দোকান থেকে যখন কিছু মালামাল সরানোর চেষ্টা করেন, তখন স্থানীয় অনেক লোক তাদের সহযোগিতা করার বাহানায় বেশিরভাগ মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ফায়ার সার্ভিসসহ অনেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।