টেক্সাস ভয়াবহ টর্নেডো, দুজনের মৃত্যুর খবর

ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এখন পর্যন্ত অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আঘান হানে শক্তিশালী টর্নেডো। সবচেয়ে বেশি ক্ষতি হয় নিউ অর্লিন্স শহর ও এর আশপাশের এলাকায়।

কর্তৃপক্ষ জানায়, টর্নেডোর আঘাতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় শুধু নিউ অর্লিন্স শহরেই ১৩ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন ওই অঞ্চলের হাজারো মানুষ। গতবছর অঞ্চলটিতে হারিকেন আইডার আঘাতের পর আবার ব্যাপক ক্ষয়ক্ষতি হলো।

এর আগে সোমবার (২১ মার্চ) টেক্সাস ও ওকলাহোমায় দফায় দফায় আঘাত হানে টর্নেডো। লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। এক বৃদ্ধার মৃত্যু ছাড়াও অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।