ট্রাকে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার দুই আসামি ট্রাকচালক ও হেলপার জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : গাজীপুর থেকে নারায়ণগঞ্জে আসার পথে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার দুই আসামি ট্রাকচালক ও হেলপার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার বিকেলে ট্রাকচালক মেহেদী হাসান রানা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ভুইয়ার আদালতের খাস কামারায় এবং হেলপার সোহান হোসেন তুহিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফতাবুজ্জামানের খাস কামরায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক মো. সোহেল আলম।

সোহেল আলম জানান, আজ দুপুরে চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. নাসির উদ্দিন আদালতের কাছে আবেদন করেন মামলার দুই আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হয়েছে। পরে চালক মেহেদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ভুইয়ার আদালতের খাস কামরায় এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতের খাস কমারায় হেলপার সোহান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, চলন্ত ট্রাকে কিশোরী ধর্ষণ মামলার দুই আসামি ধর্ষণের কথা স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১০টার দিকে মায়ের সঙ্গে অভিমান করে গাজীপুর জেলার কাপাসিয়া মনিপুর এলাকার বাড়ি থেকে ওই কিশোরী চৌরাস্তা এলাকায় চলে আসে। সে রাস্তা হারিয়ে ফেললে চৌরাস্তায় চালক মেহেদী ও হেলপার সোহান তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মালবাহী ট্রাকের ভেতরে তুলে নেয়। পথে এয়ারপোর্ট এলাকাসহ কয়েকটিস্থানে মেহেদী ও সোহান তাকে তিন দফায় ছয় বার ধর্ষণ করে। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাকের ভেতর মেয়ের কান্নার শব্দ শুনে লোকজন এগিয়ে আসে। তবে সে সময় চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ট্রাকটি আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। পরে পুলিশ মেহেদী ও সোহানকে গ্রেপ্তার করেছে। দুই আসামি চারদিন রিমান্ডের শেষ দিনে এসে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।