বিশেষ প্রতিনিধি : রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল পর্যন্ত ৩০০ ফিট সড়কে অটোরিকশার ওপর স্টিকার বাধ্যতামূলক করে একটি সংঘবদ্ধ চাঁদাবাজি চক্র আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছুদিন বন্ধ থাকার পর এই কার্যক্রম ফের শুরু হওয়ায় চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় চালক ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, কুড়াতলি ট্রাফিক পুলিশ বক্সের আওতাধীন এই সড়কে চলাচলকারী অটোরিকশাগুলোর জন্য নির্ধারিত স্টিকার এখন কার্যত বাধ্যতামূলক করা হয়েছে। স্টিকার না থাকলে সড়কে চলাচলে বাধা, মামলা কিংবা গাড়ি আটকে রাখার ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে প্রায় ২১০টি অটোরিকশা থেকে মাসে ১ হাজার ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে, যাতে মাসিক আদায়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
চালকদের অভিযোগ, স্টিকার না নিলে তাদের হয়রানি, হুমকি এবং শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। স্থানীয়দের আরও দাবি, ট্রাফিক পুলিশের কিছু সদস্যকে ম্যানেজ করে মাঠপর্যায়ে কয়েকজন ব্যক্তি এই অর্থ আদায়ের পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। অভিযুক্তদের মধ্যে পূর্বাচলের ভোলানাথপুর এলাকার শরীফ, পাতিরা এলাকার শামিম, কুড়িলের নাজমুল এবং অটোচালক নজরুলের নাম উঠে এসেছে।
এ বিষয়ে অভিযুক্ত চালক নজরুল মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই লাইন দেখাশোনার দায়িত্ব তাকে শরীফ ও শামিম দিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় চালকদের দাবি, প্রশাসনের নজরদারির মধ্যেই এ ধরনের ‘স্টিকার বাণিজ্য’ চলতে থাকলে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে যাবে।


