নিজস্ব প্রতিবেদক : ট্রাফিক সপ্তাহের প্রথম দিন লাইসেন্স না থাকা, ট্রাফিক আইন অমান্য করাসহ নানা অভিযোগে ৩ হাজার ৬৫১টি মামলা করা হয়েছে। রোববার দিনব্যাপী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে এসব মামলা হয়। রোববার রাতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি এবং ট্রাফিক আইন অমান্য করায় ১ হাজার ৮০১ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়। রেজিস্ট্রেশন না থাকাসহ নানা অভিযোগে ৬৮টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮টি (ভিডিও ফুটেজের সূত্র ধরে) এবং ২১টি সরাসরি মামলা দেওয়া হয়। আর উল্টো পথে গাড়ি চালানোর কারণে ৪০৪টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১২টি ও বিভিন্ন স্টিকার (পুলিশ, সাংবাদিক, আইনজীবী) ব্যবহার করার অভিযোগে ৪টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া এদিন ট্রাফিক আইন অমান্যের জন্য ঢাকা শহরে মোট ৩ হাজার ৬৫১টি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র যাচাই ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করে। এরপরই পুলিশ ট্রাফিক সপ্তাহের ঘ্ষোণা করে।


