ট্রেনে নারী যাত্রীকে উত্যক্ত করায় দুই ছাত্রকে ১৯ দিন করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীকে উত্যক্ত করায় দুই ছাত্রকে ১৯ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খড়বোনা এলাকার মাসুদ আলীর ছেলে হাসিম ইকবাল (২৩) ও জেলার চারঘাট উপজেলার শিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মমিনুল ইসলাম (২৫)। তারা দুজনই ঢাকায় থেকে লেখাপড়া করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন নগরীর বোয়ালিয়া থানা এলাকার এক নারী। তিনি ট্রেনের ‘ঙ’ বগির ২৪ নম্বর সিটে বসে ছিলেন। একই বগির পাশের সিটে বসে পাঁচজন ছাত্র রাতভর ওই নারীকে উত্যক্ত করেন। এর মধ্যে দুজন আব্দুলপুর ও ঈশ্বরদী স্টেশনে নেমে যান।

তবে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র হাসিম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মমিনুল রাজশাহী রেল স্টেশনে পৌঁছলে ওই নারীর স্বজনরা তাদের ধরে পুলিশে সোপর্দ করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তাদের ১৯ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুপুরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।