ঠাকুরগাঁওয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের হামলা

ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগের নেতারা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর পৌরসভার আর্টগ্যালারি এলাকায় নৌকার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়।

জেলা আ.লীগের নেতারা জানান, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি ৪র্থ ধাপে পৌরসভা নির্বাচনে ভোট বানচালের জন্য বিএনপির সন্ত্রাসীরা রাতের আধারে নৌকার মনোনয়ন প্রার্থী আঞ্জুমান আরা বন্যার নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে। যা অনাকাঙ্ক্ষিত। তারা নিশ্চিত পৌরসভা নির্বাচনে পরাজিত হবে আর সেকারণেই এ ধরনের কার্যক্রম করছে। আমরা মনে করি শান্তিপূর্ণ পরিবেশকে তারা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে চায়। তবে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ রয়েছে।’

এ ব্যাপারে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় দেয়া হবে।