ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে আহত ১

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নাঈম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৩৮৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাঈম উপজেলার আমজানখোর ইউনিয়নের কলিবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

গুলিবিদ্ধ যুবকের বাবা জাহাঙ্গীর আলম জানান, আমার ছেলে সকালে কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। এ সময় ভারতের ভেলাগাছি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য গুলি ছোড়ে। তার পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমজানখোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হঠাৎ করেই বিএসএফ সদস্যরা হিংস্র হয়ে উঠেছে। এমনটা আগে হয়নি সীমান্ত এলাকায়।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রকিবুল হাসান চয়ন বলেন, নাঈমের পায়ের হাড় ভেঙে গেছে। তবে গুলি পাওয়া যায়নি। সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে বালিয়াডাঙ্গী কোটপাড়া বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ককে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও পাওয়া য়ায়নি।