ঠাকুরগাওঁ হরিপুরে দুইটি শিশু ধর্ষণ মামলার আসামী অজ্ঞাত কারণে গ্রেফতার হচ্ছে না

মোঃ আনোয়ার হোসেন,উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক মাসে ব্যবধানে ২ শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারগুলো হরিপুর থানায় মামলা করলেও এখন পর্যন্ত কোন আসামীকেই গ্রেফতার করতে পারেননি পুলিশ।অন্যদিকে আসামীদের হুমকির মুখে ভীতিকর পরিস্থিতি নিয়ে দিন পার করছেন বাদী ও তাদের স্বজনরা। তবে পুলিশ বলছে আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। আসামীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
মামলা সুত্রে জানা গেছে যে গত ৫ ডিসেম্বর হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মাগুড়া বেলডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আফাজউদ্দীন একই গ্রামের ৪ বছরের শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় ঐদিনই থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা রুজু করেন।গত ২রা জানুয়ারী হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামের তামসু মোহাম্মদ এর ছেলে মিঠুন একই গ্রামের ১৪ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম এর পিতা বাদী হয়ে হরিপুর থানায় গত ৮ই জানুয়ারি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বাদীরা জানান, মামলা তুলে নিতে প্রভাবশালী মহল বিভিন্ন ভাবে চাপ প্রয়োগসহ হুমকি দিচ্ছে। অন্যদিকে আসামীদের গ্রেফতার করতে পারেছেনা থানা পুলিশ।আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিসহ ধর্ষকদের কঠিন শাস্তি চেয়েছেন ধর্ষিতার পরিবার গুলো।হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুলজ্জামান আমির বলেন, পৃথক দুটি মামলা পেয়ে নথি ভুক্ত করা হয়েছে । আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা ও কৌশল চালানো হচ্ছে । আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করতে সময় লাগছে।