ডিউক ও আরিফের খালাস দাবি

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক এবং বিএনপি নেতা ও ডিসিসি’র সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আরিফের খালাসের আর্জি জানিয়েছেন তাদের আইনজীবীরা।

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে বুধবার আরিফের পক্ষে চতুর্থ দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবী আবদুস সোবহান তরফদার। আর বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের পক্ষে তার আইনজীবী আবদুর রেজ্জাক খান দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। আগামী ৫ ও ৬ জুন অপর আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন আদালত।

এদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে তাদের খালাসের আর্জি জানান তাদের আইনজীবীরা।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।