বিনোদন ডেস্কঃ দক্ষিণ ভারতের মিষ্টি ও শীর্ষ নায়িকাদের একজন সামান্থা আক্কিনেনি। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই সুপারহিট অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার ডিভোর্সের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। অবশেষে এই গুঞ্জনকে সত্য বলে ঘোষনা দিলেন তারা দুজনে। আনুষ্ঠানিকভাবে সম্পর্ক বিচ্ছেদের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর আগে সামান্থা আক্কিনেনি ভালোবেসে বিয়ে করেন ভারতীয় দক্ষিণী জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যকে। বৈবাহিক সূত্রে সামান্থা আক্কেনেনি তার স্বামীর পদবী ব্যবহার করতেন। কিছুদিন আগে সেটিও বাদ দিয়ে দেন সামান্থা। তারপর থেকে তাদের বিয়ে বিচ্ছেদের খবর আরও দৃঢ় হয়।
বেশ কিছুদিন আগের গুঞ্জনকে এবার সত্যি করে শনিবার সামান্থা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ে বিচ্ছেদের ঘটনা জানান দেন।

অভিনেত্রী লেখেন, আমাদের সকল শুভানুধায়ীরা, অনেক চিন্তা ভাবনার পর নাগা এবং আমি নিজে আলাদা পথে এগিয়ে যাব ভেবেছি। আমরা ভাগ্যবান এক দশকের বেশি সময় আমাদের বন্ধুত্ব ছিল, সেটা আমাদের সম্পর্কের অন্তর্গত ব্যক্তিগত জায়গা। বিশ্বাস করি সেই সোশ্যাল বন্ডিং আমাদের মাঝে থাকবে। কঠিন সময়ে আমাদের অনুরাগী, শুভানুধায়ী এবং সংবাদ মাধ্যমদের কাছে আমাদের প্রাইভেসিকে সম্মান জানানোর অনুরোধ করব। আমরা সত্যিই এগিয়ে যেতে চাই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।

একইভাবে সামান্থার স্বামী নাগাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দেন।
এদিকে বিচ্ছেদ সংক্রান্ত সংবাদ প্রকাশের বিষয়ে সামান্থা এবং নাগা দুইজনেই বিরক্তি প্রকাশ করেন। এক প্রেসব্রিফিংয়ে নাগা বলেন ,আমি আমার ক্যারিয়ারের প্রথম থেকেই ব্যক্তিগত এবং কাজের জায়গা আলাদা রেখেছি। কখনও দুটোকে একত্র করে ফেলিনি। এটা শিখেই বড় হয়েছি। নাগা আরও বলেন, ব্যক্তিগত জীবনের ঘটনাকে শিরোনামে দেখে প্রথমে অনেক কষ্ট পেয়েছিলেন। পরে ভাবলেন মিনিটে মিনিটে খবর বদলে যায়। দর্শকদের মাথায় কোনো খবরই স্থায়ীভাবে থাকে না।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ সরব সামান্থা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু দিন আগে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, হতাশা ঘিরে ধরলেও ভালোবাসার পথই সব সময় জয়ী হয়। তার ভাষায়, ‘যখন হতাশা আমাকে ঘিরে ধরে তখন সব সময় মনে রাখি সত্য এবং ভালোবাসার পথ সব সময় জয়ী হবে’।


