নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণ খেলাপির মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক রবিউল আলম পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন।
খালেদা জিয়ার আইনজীবী মো. হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার আসামি প্রয়াত সাঈদ এস্কান্দরের স্ত্রী বেগম নাসরিন আহমেদের পক্ষে হাইকোর্ট মামলাটি ছয় মাসের জন্য স্থগিত করেন। এরপর হাইকোর্ট স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন। এ অবস্থায় অন্য আসামিদের বিরুদ্ধে মামলাটির বিচার চলতে পারে না। এজন্য সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করি। বিজ্ঞ আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন।
গত বছর ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করেন একই আদালত।
মামলার আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, প্রয়াত সাঈদ এস্কান্দরের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান, প্রয়াত বিবাদী মোজাফফরের স্ত্রী শামসুন্নাহার এবং ছেলে মাসুদ হাসান।
ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের ওই মামলায় এর আগে মামলাটিতে বিবাদী হিসেবে থাকা কোকা মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকার স্ত্রী সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেন।
২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।


