নিজস্ব প্রতিবেদক, গাজীপুরের কালিয়াকৈরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খোলা ড্রামে জ্বালানি তেল (অকটেন) বিক্রির অভিযোগ উঠেছে ‘উইনার এনার্জি সেন্টার’ নামক একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে না পারলেও উল্টো গণমাধ্যমকর্মীকে কথিত সাংবাদিক দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।
গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় কালিয়াকৈর এলাকার উইনার এনার্জি সেন্টারে গিয়ে দেখা যায়, ঢাকা মেট্রো-ম ১১-২৯৩৩ নাম্বারের একটি গাড়ির ভেতরে থাকা বড় ড্রামে অকটেন ভর্তি করা হচ্ছে। দাহ্য পদার্থ এভাবে খোলা ড্রামে বা কন্টেইনারে বিক্রি করা অগ্নি নিরাপত্তার স্বার্থে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হলেও, পাম্পটি প্রকাশ্যেই এই কাজ করে যাচ্ছিল।
ঘটনাস্থলে উপস্থিত ‘ক্রাইম পেট্রোল বিডি’-র সংবাদদাতা পাম্পের কর্মচারীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো যৌক্তিক উত্তর দিতে পারেননি। পরবর্তীতে বিষয়টি নিয়ে পাম্পের ম্যানেজার মোহাম্মদ মাজহারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও সরকারি কোনো নির্দেশনার কথা উল্লেখ করতে পারেননি এবং বিষয়টি এড়িয়ে যান।
ম্যানেজারের সাথে কথা বলার কিছুক্ষণ পরেই নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ক্রাইম পেট্রোল বিডির অফিসে কল করেন। তিনি চরম ঔদ্ধত্য দেখিয়ে এবং ধমকের সুরে বলেন,
“আপনি কি জানতে চান আমাকে বলুন। পেট্রোল পাম্পের মালিক আমার আত্মীয়। আমার কাছে আসেন, আমি জবাব দিয়ে দিচ্ছি।”
একজন সংবাদদাতার পেশাগত কাজে এমন হস্তক্ষেপ এবং পাম্প মালিকের আত্মীয় পরিচয় দিয়ে হুমকি প্রদান ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, গাজীপুর জেলায় মোট ১১৩টি ফিলিং স্টেশন থাকলেও হাতেগোনা কয়েকটি (উল্লেখিত ৫টি) পাম্পের প্রবেশ পথের বৈধ অনুমতি রয়েছে। উইনার এনার্জি সেন্টারের মতো পাম্পগুলো একদিকে যেমন নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে খোলা ড্রামে তেল বিক্রি করছে, অন্যদিকে প্রভাবশালীদের নাম ভাঙিয়ে দায়িত্বশীলদের মুখ বন্ধ রাখার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ড্রামে করে জ্বালানি তেল বিক্রি বন্ধ না হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে যায় বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


