ঢাকা জেলা পরিষদের ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় ২৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ঢাকা জেলা পরিষদের ৬ প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়। শিগগিরই ওই চার্জশিট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে দাখিল করবেন।

বুধবার দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মেসার্স সিকদার ট্রেডার্সের মালিক মো. জাকির হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের বরখাস্তকৃত সিনিয়র নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. গোলাম মোস্তফা, উপসহকারী প্রকৌশলী মো. জাকির হায়দার, মো. আসাদুজ্জামান, এ টি এম মিজানুর রহমান, এম এ ফারুক লস্কর, মোহাম্মদ মফিজুর রহমান, মো. নুর নবী পাঠান, উচ্চমান সহকারী মো. রিয়াজত উল্লাহ ও নিম্নমান সহকারী মো. তৌহিদুল ইসলাম ভূঁইয়া।

এ ছাড়া মেসার্স হাজী এন্টারপ্রাইজের মালিক হাজী মিজানুর রহমান ওই মামলার এজাহারভুক্ত আসামিও হলে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ঢাকা জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় ২৯টি ভুয়া প্রকল্পের মাধ্যমে কয়েকদফায় ২৬ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেন। আর এই ঘটনায় দুদকের উপপরিচালক আবুবকর সিদ্দিক বাদী হয়ে ২০১৫ সালে ১২ অক্টোবর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

ঢাকা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ ৭০ জনের বিরুদ্ধে ২০১৫ সালের অক্টোবরে ১৫টি মামলা করে দুদক। ঢাকার দোহার, নবাবগঞ্জ, আশুলিয়া, সাভার, কেরানীগঞ্জ, ধামরাই এবং রাজধানীর কোতোয়ালি, গুলশান ও তেজগাঁও থানায় মামলাগুলো করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।