ঢাকা শহরে বর্তমানে পানির কোনো সংকট নেই

সংসদ প্রতিবেদক : ঢাকা শহরে বর্তমানে পানির কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘শুষ্ক মৌসুমে যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ সমস্যার কারণে কোথাও কোথাও সাময়িক পানির স্বল্পতা দেখা দেয়, যা বিকল্প উপায়ে পানির গাড়ি দিয়ে ও ডাইভারসনের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান করা হয়।’

মন্ত্রী বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ জনগণ বিশুদ্ধ পানির আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে।’

সরকারি দলের সদস্য জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশনেও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন তৈরির কার্যক্রম চলমান রয়েছে। “খুলনা সিটি করপোরেশনে বিভিন্ন রাস্তা ও অবকাঠামো” শীর্ষক প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দুটি দোতলা আবাসিক ভবন নির্মাণ করা হবে।’

তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৪তলা বিশিষ্ট নয়টি ভবন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ১০তলা বিশিষ্ট তিনটি আবাসিক ভবন নির্মাণের প্রকল্প প্রস্তাব শিগগিরই স্থানীয় সরকার বিভাগে দাখিল করা হবে মর্মে সংশ্লিষ্ট সিটি করপোরেশন সূত্রে জানানো হয়েছে।

সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। নীতিমালায় শাস্তির বিধান রাখা হয়েছে।’