ঢাকা-১৮ আসনে চাঁদাবাজ, সন্ত্রাসীদের যেন মনোনয়ন দেওয়া না হয়: এম কফিল উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের যেন মনোনয়ন দেওয়া না হয়— এমন দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে ফ্লাই স্কুল আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুগ্ম আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক ফ্লাই স্কুলের উদ্যোগকে স্বাগত জানিয়ে কফিল উদ্দিন আহমেদ বলেন, “তরুণদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা সবসময় এমন উদ্যোগের সঙ্গে আছি।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা-১৮ আসনে বাহির থেকে কাউকে চাই না। যারা এলাকাবাসীর সঙ্গে মাঠে থেকে কাজ করছেন, ঐক্যবদ্ধ আছেন— মনোনয়ন তাদের মধ্য থেকেই দিতে হবে।”

অনুষ্ঠানে ফ্লাই স্কুলের প্রতিনিধি, শিক্ষার্থীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।