নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বর্তমানে ব্যাপক আলোচনায় রয়েছেন। নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাধারণ মানুষের কাছে সহজ-সরল ভাবমূর্তির কারণে তিনি দ্রুতই জনপ্রিয় প্রার্থী হিসেবে উঠে এসেছেন।
এলাকাবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সরব অংশগ্রহণ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে তরুণ ভোটার ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, এস এম জাহাঙ্গীর হোসেন একজন মাঠের রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ এলাকার বিভিন্ন সমস্যা, যেমন—নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব ভূমিকা রেখে আসছেন।
এ বিষয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন,
“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব এলাকায় পরিণত করাই আমার প্রধান লক্ষ্য।”
এদিকে আসন্ন নির্বাচনে ঢাকা-১৮ আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা জোরদার হলেও বর্তমানে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেনের নামটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


