নিজস্ব প্রতিবেদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের শিক্ষক তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর আনোয়ার। সঙ্গে ছিলেন ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও এএফএম মেজবাহ উদ্দিন। তোফায়েল আহমেদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান।
আইনজীবী গোলাম সরোয়ার পায়েল বলেন, ‘গত বছরের ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে দুজন প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে যোগ্যতা চাওয়া হয় সিজিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৪.২৫।
পরে দর্শন বিভাগ গত বছরের ২৯ ডিসেম্বর ৫ জনকে নিয়োগ দেন। কিন্তু নিয়োগপ্রাপ্ত দুজনের মধ্যে খন্দকার তোফায়েল আহমেদের সিজিপিএ-৩.১৯।
সিজিপিএর শর্ত পূরণ না করার পরও তোফায়েলকে নিয়োগ দেওয়ায় হাইকোর্টে রিট করেন শিক্ষক পদে আরেক আবেদনকারী এইচ এম মিরাজ সৌরভ। এ রিট আবেদনের শুনানি নিয়ে ৩০ জানুয়ারি নিয়োগের সব শর্ত পূরণ না করার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়ায় রুল জারি করেছিলেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।


