তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘পুত্র’

বিনোদন প্রতিবেদক : ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে সিনেমাটি অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত। সিনেমাটির মুক্তি উপলক্ষে গতকাল বিকেলে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয় ও জাজ মাল্টিমিডিয়া। সেখানে জাজ কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘পুত্র’ ছবির লাভের টাকা ব্যয় হবে অটিস্টিক শিশুদের কল্যাণে। তারা অবহেলিত। ছবিটি দর্শক দেখলে তাদের প্রতি সহানুভূতিশীল হবেন বলে আমি বিশ্বাস করি। এখন পর্যন্ত ১০৫টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। তবে টার্গেট রয়েছে ১২০টি সিনেমা হলে ছবিটি মুক্তির দেয়ার।’

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘পুত্র’। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ফেরদৌস ও জয়া আহসান। আগামীকাল ৫ জানুয়ারি সারাদেশে সিনেমাটি ১০৫টি হলে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ফেরদৌস-জয়া ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সেঁউতি, ডলি জহুর প্রমুখ। এতে জয়াকে স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।

‘পুত্র’ ছবির কাহিনি ও সংলাপ রচনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশিদ। গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, মেহরীন সাবিনা ইয়াসমিন, ফাহমিদা নবী, মিল্টন খন্দকার।