তাইওয়ানে আবারও ভূমিকম্প

তাইওয়ানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দ্বীপটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় আবহাওয়া ব্যুরোর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পে এরই মধ্যে ক্ষয়ক্ষতির কিছু খবর পাওয়া গেছে। এমনকি সুনামির সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া ব্যুরো জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইতুং কাউন্টিতে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়ও একই এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র এ ভূকম্পনের পর তাইওয়ানে সতর্কতা জারি করেছে। এতে বলা হয়েছে, তাইওয়ানের উপকূল বরাবর ভূমিকম্পের উপকেন্দ্রের ৩০০ কিলোমিটারের (১৯০ মাইল) মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানার শঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর জাপানের ওকিনাওয়া প্রিফেকচার অংশে ১ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।