নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের মামলার বিচার কার্যক্রম দুই বছরেও শেষ হয়নি।
২০১৫ সালের এই দিনে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার। ওই দিনই তার সহযোগী আইসিসিও এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হেলেন ভেন ডার বিক বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এক বছর আগে আলোচিত এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। কিন্তু সাক্ষীদের আদালতে হাজির করতে না পারায় মামলার বিচারিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। সাক্ষী আদালতে হাজির হলে মামলার বিচারকাজ দ্রুত শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এখন পর্যন্ত মামলায় মোট ৭০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। তবে মামলার বাদী বিদেশ থাকায় এখন পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ হয়নি।
এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই অস্ত্রটিও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অস্ত্রটি উদ্ধার হলে মামলা প্রমাণের ক্ষেত্রে আরো সুবিধা পাওয়া যেত বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী ও পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি মামলা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সেই অস্ত্রটি উদ্ধার করা না গেলে আসামিরা বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নানা সুবিধা নিতে পারে।
এদিকে চাঞ্চল্যকর এ মামলার সাত আসামির মধ্যে গুরুত্বপূর্ণ দুই আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন। আর গ্রেপ্তার হওয়া ৫ আসামির মধ্যে এক আসামি জামিন পেয়েছেন।
মামলা সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। সাক্ষী না আসায় বিচারকাজ কিছুটা ধীরগতিতে চলছে। সাক্ষীরা আদালতে হাজির হলে মামলার বিচারকাজ দ্রুত শেষ হয়ে যাবে। আর মামলার বিচারকাজ শেষ করতে রাষ্ট্রপক্ষ সর্বাত্মক চেষ্টা করবে বলে জানান তিনি।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে তিনি বলেন, অস্ত্রটি একটি গুরুত্বপূর্ণ আলাতম। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা পুলিশের পক্ষে সম্ভব হয় না। মামলা প্রমাণের বিষয়টি শুধুমাত্র ওই অস্ত্রটির ওপর নির্ভর করছে না। ঘটনার পারিপার্শ্বিক অন্যান্য আলামত ও সাক্ষ্য-প্রমাণের ওপর মামলার ভবিষ্যৎ নির্ভর করে।
মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁশুলী তাপস কুমার পাল বলেন, বেশ কয়েকটি ধার্য তারিখে পুলিশ আদালতে সাক্ষীদের উপস্থিত করতে না পারায় বিচারকার্যে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ ত্বরান্বিত করার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অস্ত্রটি বর্তমানে ভাঙ্গারী সোহেলের কাছে আছে। তাকে গ্রেপ্তার করতে পারলেই অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হবে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এ ছাড়া ওই অস্ত্রটি উদ্ধার করতে গিয়ে আরো বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের মধ্যে দুটি ৭.৬৫ এমএম পিস্তল পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ২০১৬ সালের ২৪ এপ্রিল সিআইডির পরিদর্শক মিজানুর রহমান আগ্নেয়াস্ত্র, গুলি ও গুলির খোসার রাসায়নিক পরীক্ষার (ব্যালাস্টিক) রিপোর্ট আদালতে দাখিল করেন।
ব্যালাস্টিক পরীক্ষায় জানা যায়, ওই অস্ত্র দুইটির কোনোটিই তাবেলা হত্যায় ব্যবহৃত হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির তিনটি খোসার সঙ্গে ওই দুটি আগ্নেয়াস্ত্রের কোনো মিল পাওয়া যায়নি। তাকে একই ধরনের অন্য পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার। তাবেলা সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২২ জুন ডিবি পরিদর্শক গোলাম রাব্বানী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে বিএনপি নেতা এমএ কাইয়ুমসহ (কাইয়ুম কমিশনার) সাতজনকে অভিযুক্ত করা হয়। ওই বছরের ২৫ অক্টোবর ওই সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আর ১১ নভেম্বর মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ হয়।
মামলার অপর আসামিরা হলেন-কাইয়ুমের কমিশনারের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গারী সোহেল। আসামিদের মধ্যে কাইয়ুম কমিশনার ও ভাঙ্গারী সোহেল এখনও পলাতক রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে আবদুল মতিন ছাড়া বাকি চার আসামিই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


