তাবেলা সিজার হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

মঙ্গলবার মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আগামী ১২ ও ১৩ জুলাই সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। তবে এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাটি এখন পর্যন্ত ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মামলাটিতে বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে গত বছর ২৫ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত।

ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী গত বছরের ২৮ জুন মামলাটিতে কাইয়ুম কমিশনারসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অপর ৬ জন আসামি হলেন- এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গরী সোহেল।

তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মতিনসহ স্বীকারোক্তিকারী চারজন কারাগারে এবং কাইয়ুম ও সোহেল পলাতক।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার। তাবেলা নেদারল্যান্ডস-ভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।