তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন ৩১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও নিন্দার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩১ ডিসেম্বর ঠিক করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক মামলাটি দায়ের করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় ঢাকা সিএমএম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সরকারের অনুমতি নিয়ে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে ওই বছরের ৮ নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় তারেক রহমানের রাষ্ট্রদ্রোহের অপরাধ সম্পর্কে বলা হয়, “সম্প্রতি তারেক রহমান কর্তৃক লিখিত একটি বইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি হিসেবে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

এ ছাড়া তিনি ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেন। এ ছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না বলেও বলেন।

বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সর্বজনস্বীকৃত থাকার পরও তারেক রহমানের ওই সকল বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমের বিরুদ্ধে চক্রান্ত বলে বাদী উল্লেখ করেন। যা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বলেও বাদী উল্লেখ করেন।