তারেক রহমানসহ দুইজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুইজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পল্টন থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ আগামী ৩১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন ।

মামলার অপর আসামি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা এবং দলটির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী।

২০১৫ সালের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কোতয়ালী থানার সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী আদালতে এই মামলা দায়ের করেন। ওইদিন আদালত পল্টন থানাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৪ সালের ১১ নভেম্বর পূর্ব লন্ডনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন ও ‘মানহানিকর’ বক্তব্য দেন তারেক রহমান ।

পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। এ বক্তব্যে আওয়ামী লীগের ১০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে তারেকের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৫ সালের ২৩ মার্চ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কোতয়ালী থানার সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী ইউনুস খান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।