যশোর জেলা প্রতিনিধিঃ যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় যুবলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যাকাণ্ডের তিন মাস পার হলেও এখনো আটক হয়নি আলোচিত কিলার ইয়াছিন মোহাম্মদ কাজল। মামলার অন্য সাত আসামিও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তবে পুলিশের ভাষ্য, আসামিরা যশোরের বাইরে অন্য জেলায় আত্মগোপন করে রয়েছে। তাদের আটকের জন্য চেষ্টা চলছে।
গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে কাজীপাড়ায় নিজ বাড়ির কাছে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন যুবলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগ। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ বাদী হয়ে কিলার হিসেবে আলোচিত ইয়াছিন মোহাম্মদ কাজলসহ আটজনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা করেন। কাজল কাজীপাড়া গোলামপট্টির আব্দুল খালেকের ছেলে। মামলায় কাজলের ভাই আমিরুল ইসলামকেও আসামি করা হয়। অন্য আসামিরা হলেন-শহরতলীর খোলাডাঙ্গার হাফিজুর রহমানের ছেলে তাইজুল, শহরের ধর্মতলার কালিমের ছেলে টিপু, কাজীপাড়া গোলামপট্টির আবুল কাশেম পিকুলের ছেলে সাগর, সিরাজুল ইসলামের ছেলে তরুণ, বাকেরের ছেলে আল আমিন ও কাজীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ডাবলু। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৭জন আসামি রয়েছেন।
এদিকে যুবলীগকর্মী সোহাগ হত্যাকাণ্ডের তিন মাস পার হয়ে গেছে। কিন্তু পুলিশ এ মামলার এজাহারভুক্ত কোন আসামিকে এখনো আটক করতে পারেনি। আসামিরা ধরা না পড়ায় নিহতের পরিবারের সদস্যরাও রয়েছেন চরম আতঙ্কের মধ্যে। বিশেষ করে প্রধান আসামি কাজল দুর্ধর্ষ হওয়ায় মামলা করার পর থেকে বাদীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকার একটি সূত্র জানায়, কাজল কিলার হিসেবে ব্যাপক আলোচিত। তিনি সোহাগকে জবাই করেছিলেন। মৃত্যু নিশ্চিত করতে সোহাগকে কোপানোর পর জবাই করা হয়। শুধু সোহাগ নয়, ইতোপূর্বে কয়েকটি হত্যাকাণ্ডের সাথে জড়িত এই কাজল। শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ডিশ মানিক ও কাজীপাড়া তেঁতুলতলা ভৈরব নদের পাড়ে রুহুলকে অনুরূপ জবাই করে হত্যা করেছিলেন কাজল। ২০১৪ সালের ১৪ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী নাইমুল ইসলাম রিয়াদকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। কিলার কাজল এই হত্যা মিশনে অংশ নিয়েছিলেন। সিআইডি পুলিশের দেয়া চার্জশিটে তাকেও আসামি করা হয়। কিন্তু কাজল একের পর এক নৃশংসভাবে খুন করে চললেও তাকে ধরতে পারছে না পুলিশ। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহল তাকে শেল্টার দেওয়ায় কাজল আরও বেপরোয়া হয়ে পড়েছেন। কোনমতেই হত্যাযজ্ঞ থামাতে তার লাগাম টানা যাচ্ছে না। নিহত সোহাগের স্বজনেরা জানান, কাজল বহু হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ কারণে মামলার করার পর থেকে তারা ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছেন।
অপরদিকে যোগাযোগ করা হলে সোহাগ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর শেহাবুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা আত্মগোপন করে রয়েছেন। তারা যশোর জেলার বাইরে রয়েছেন বলে তথ্য মিলেছে। তবে তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।


