ঢাকা: রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রবকে চাপা দেওয়ার ঘটনায় ভিক্টর পরিবহন বাসের চালক ও সহকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন- চালক মো. সুমন এবং সহকারী মো. আক্তার হোসেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইড় বাজার এলাকা থেকে সুমনকে ও শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন দিনারা এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে ডিবির উত্তর বিভাগের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, দুজনকে তুরাগ থানায় দায়ের করা মামলা (মামলা নং ৮) গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে আজ ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
গত ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় তুরাগ থানাধীন ধউর ইস্টওয়েস্ট মেডিকেল কলেজের সামনে মেইন রোডের উত্তর পাশে সঙ্গীত শিল্পী ও পরিচালক পারভেজ রব সদরঘাট যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিক্টর ক্লাসিক নামের বাসটি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২-০৯৬৩) থামানোর জন্য সংকেত দিলে চালক বাসটি না থামিয়ে বেপরোয়া ও দ্রুতগতিতে বাসটি চালিয়ে পারভেজ রবকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী রুমানা বেগম বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।
ওই ঘটনার দুইদিন পর ৭ সেপ্টেম্বর পাভেজ রবের ছেলে ইয়াসির আলভী ও ছেলের বন্ধু মেহেদী হাসান ছোটনদেরকে ভিক্টর ক্লাসিকের অপর একটি বাস উত্তরা ৯ নং সেক্টর এলাকায় চাপা দেয়। এ ঘটনায় ইয়াসির আলভী রব গুরুতর আহত হন এবং মেহেদী হাসান ছোটন নিহত হন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আরেকটি মামলা দায়ের হয়।


