এস.এম.নাহিদ: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় চলমান জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে গড়ে ওঠা অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মোঃ বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মোট ৪৫০ লিটার জ্বালানির মধ্যে ২০০ লিটার ডিজেল এবং ২৫০ লিটার অকটেন রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি তেলের কৃত্রিম সংকটকে হাতিয়ার বানিয়ে অবৈধভাবে জ্বালানি মজুদ করে উচ্চমূল্যে বিক্রির অপচেষ্টা চালাচ্ছিলেন। জনদুর্ভোগ বাড়িয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের এই অপতৎপরতা স্থানীয় বাজারে অস্থিরতা তৈরি করছিল।
উদ্ধার হওয়া জ্বালানি তেল ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দায়িত্বশীল মহল বলছে, সংকটের সময় এমন অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে বাজারব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। অভিযানের ধারাবাহিকতা বজায় রাখারও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


