স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণখান থানাধীন আজমপুর কাঁচাবাজার এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচার ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, “বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। চাঁদাবাজি, দখলবাজি কিংবা দুর্নীতি বিএনপির নীতির পরিপন্থী। বিএনপির নামে যারা এসব অপকর্ম করছে, তারা আসলে আওয়ামী লীগের প্রেতাত্মা, যারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে।”
তিনি আরও বলেন, “দক্ষিণখানে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করলে জনগণ আমাকে জানাবেন, আমরা তাকে আইনের হাতে তুলে দেবো।”
রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে হেলাল তালুকদার বলেন, “তারেক রহমানের প্রণীত এই ৩১ দফাই পারে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশৃঙ্খল দেশ গঠন করতে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে। জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করব ইনশাআল্লাহ।”
বৈঠকের এক পর্যায়ে পুরো স্থান জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ উঠান বৈঠককে দক্ষিণখান এলাকায় বিএনপির আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনের কার্যক্রম জোরদারের অংশ হিসেবে একটি সফল উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


