এস.এম.,মনির হোসেন জীবন : রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে পিএইচডি গবেষক এনামুল হককে অপহরণের দু’দিন পর শনিবার দুপুরে বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে আটক করেছে এলিট ফোর্স র্যাব-২ এর সদস্যরা। অপহৃত এনামুল বর্তমানে র্যাব-২ এর হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে দক্ষিণখান থানা পুলিশ।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, শনিবার দুপুরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুলকে এলিট ফোর্স র্যাব-২ এর সদস্যরা আটক করে। আমরা এনামুলকে গ্রেফতারের বিষয়টি তার পরিবারের সদস্যদেরকে অবহিত করেছি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এনামুল কোরিয়ায় বসে দেশের বিভিন্ন অনলাইন নিউজপোর্টালের ২২টি নকল সাইট পরিচালনা করতেন। বেশির ভাগ সময় হুবহু কপি করে নিউজ দিলেও মাঝে-মধ্যে নিজের ইচ্ছেমতো সরকার বিরোধী লেখা সেসব সাইটে প্রচার করতেন।
এনামুলের ভাই মাহমুদুল ইসলাম জানান, এনামুলের গ্রামের বাড়ি পাবনায়। তার বাবার নাম ফজলুল হক। এক পুত্র সন্তানের বাবা এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।
এনামুলের পরিবারের সদস্যরা বলেন, গত ২২ অক্টোবর এক মাসের ছুটিতে বাংলাদেশে আসেন এনামুল। বুধবার সকালে সে শ্বশুরবাড়ি টাঙ্গাইল থেকে ঢাকায় এসে আশকোনায় তার এক বন্ধুর বাসায় ওঠেন। পরে রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর বাসা থেকে বের হয়ে বিমানবন্দরের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার রাতে ‘অপহরণকারী’ পরিচয়ে ফোন আসে স্বজনদের কাছে। শুক্রবার অপহরণকারীদের দেয়া নম্বরে ১ লাখ টাকা পাঠিয়েও তাকে ফেরত পায়নি এনামুলের পরিবার। এ বিষয়ে গত ২২ নভেম্বর রাতে পরিবারের পক্ষ থেকে মাহমুদুল ইসলাম দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে। যার জিডি নম্বর হলো ১৩২৩।
উল্লেখ্য যে, গত বুধবার মধ্য রাতে এনামুলের দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা ছিলো।


