ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আজ। এবার বিশ্বকাপের পরামর্শক হিসেবে ঘোষনা করা হয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, প্রধান কোচ রবি শাস্ত্রী ও কোচিং স্টাফের সঙ্গে কাজ করবেন ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পরে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনি।
এছাড়াও নতুন চমক, অশ্বিন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০১৭ সালে। সর্বশেষ ওয়ানডেও ছিল সে বছরই। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এখনো খেলানো হয়নি তাঁকে। সেই রবিচন্দ্রন অশ্বিনই জায়গা পেয়ে গেলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে!

অশ্বিন ভারত দলে সাম্প্রতিক সময়ে না খেললেও আইপিএলে নিয়মিত নামই তার। ২০১৮ ও ২০১৯ সালে পাঞ্জাবের হয়ে আইপিএল খেলা অশ্বিন ২০২০ সালে গেছেন দিল্লিতে। এ বছরের আইপিএলের প্রথম অংশে শুরুতে খেললেও অবশ্য পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ওয়াশিংটন সুন্দরের চোটের কারণে দলে ফেরাটা সহজ হয়েছে অশ্বিনের। অবশ্য ভারত দলে রাখেনি সর্বশেষ শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের দলকে নেতৃত্ব দেওয়া ওপেনার শিখর ধাওয়ানকেই। জায়গা পাননি দুই ‘রিস্ট’ স্পিনার যুঝবেন্দ্র চেহেল ও কুলদীপ যাদবও। নির্বাচক কমিটি বেছে নিয়েছে রহস্য-স্পিনার বরুণ চক্রবর্তী ও লেগ স্পিনার রাহুল চাহারকেও।


