সিডনিতে আজ বাংলাদেশ হারল ১০৪ রানে। ২০৫ রান তাড়ায় সাকিবের দল গুটিয়ে গেছে ১০১ রানেই। রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। ২০০৮ সালে করাচিতে ২০৩ রান তাড়ায় ১০১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এতদিন রানের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ হারের ব্যবধান ছিল সেটিই—১০২ রান।
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ের পরে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় সাকিব বাহিনী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ২ ছক্কা আর ১ চার মেরে ১৭ রান তুলে নেন ওপেনার সৌম্য-শান্ত। পরের ওভারে আসে ৯ রান। ২.১ ওভারে দলীয় ২৬ রানে সৌম্য ১৫(৬) আউট । ১ রানের ব্যবধানে শান্ত ৯(৯) আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। ৪.৪ ওভারে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ১(৪) আউট হলে সে চাপ আরও বাড়ে। নিয়মিত যাওয়া-আসার মিছিলে নাম লেখান আফিফ হোসেনও। রাবাদার শর্ট বলে ওয়েইন পারনেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আফিফ ১(৫)।
এদিকে দলের এমন বিপদে হাল ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১৩ বলে ১১ রান করে আউট হয়েছেন তিনি। শূন্য রানে ফেরেন মোসাদ্দেক। উইকেটে বেশিক্ষণ স্থির হননি নুরুল হাসান সোহানও ২(৬)।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। দলীয় ৮৫ রানে তাব্রেইজ শামসির বলে স্টাবসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০৬ রানের টার্গেটে জয়ের জন্য যেভাবে ব্যাটিং দরকার ছিল সেটি দেখাতে পারেনি লাল-সবুজের দল। হতাশার বৃত্তে ঘুরিয়ে শেষ পর্যন্ত ১০৪ রানের হার মেনে নিতে হয়েছে।
আজ বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।


