দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্রের হাত হারানোর ঘটনায় বাস দুটির চালককে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের (২১) হাত হারানোর ঘটনায় বাস দুটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- বিআরটিসি বাসের চালক মো. ওয়াহিদ ও স্বজন বাসের চালক খোরশেদ। বুধবার বিকেলে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী রাইজিংবিডিকে বলেন, ‘বুধবার দুপুরে শহবাগ থানা এলাকা থেকে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। অপরজনকে ঘটনার সময়ই গ্রেপ্তার করা হয়েছিল। দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’

পুলিশ জানায়, মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব। তার একটি হাত বাসের বাইরে ছিল। হঠাৎ করে পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে ওভারটেক করার জন্য বাঁ দিক দিয়ে গা ঘেঁষে আসে। দুই বাসের চাপে রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজীবের হাত হারানোর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।