নিজস্ব প্রতিবেদক : বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির তারিখ ৬ আগস্ট ধার্য করেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- বাসচালক জোবায়ের ও সোহাগ আলী এবং চালকের সহকারী এনায়েত হোসেন ও রিপন হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই রিয়াদ আহমেদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। তবে এদিন মামলার কেস ডকেট (সিডি) না থাকায় রিমান্ড শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন আদালত।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাস যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো-১১-৯২৯৭ এর অজ্ঞাত চালক, আরো অজ্ঞাতনামা জাবালে নূর পরিবহনের কয়েকটি বাসের সাথে বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে হোটেল রেডিসনের বিপরীত পাশে জিল্লুর রহমান ফ্লাইওভারের পাশে বাসে ওঠার অপেক্ষায় থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪/১৫ জন ছাত্র ছাত্রীর উপর গাড়িটি উঠাইয়া গুরুতর আহত করে চালক পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহতদের মধ্যে উক্ত কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজীব মারা যায়। এছাড়া, এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সোহেল রানা, দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান চৌধুরী, মেহেদী হাসান জিসান, রাহাত, সজিব, জয়ন্তী, প্রথম বর্ষের ছাত্রী রুবাইয়া, এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃপ্তাসহ আরো কয়েকজন বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিএমএইচ হাসাপতালসহ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় তদন্তে জানা যায়, উক্ত বাসের অজ্ঞাতনামা চালক জাবালে নূর পরিবহনের বাস যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো গ-১১-৭৫৮০, ঢাকা মেট্টো ব-১১-৭৬৫৭সহ আরো কয়েকটি অজ্ঞাতনামা বাসের চালকগণ হেলপারদের প্রত্যেকের উপস্থিতি ও উস্কানিতে প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়ানা ও দ্রুত গতিতে বাসগুলো চালিয়ে আসায় ঘাতক বাস ছাত্রছাত্রীদের উপর উঠিয়ে দেয়। প্রতিযোগিতায় লিপ্ত বাসগুলোর মধ্যে ৪ জন চালক ও হেল্পারের নাম প্রাপ্ত হয়ে তাদের র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়। কিন্তু ঘাতক বাসের চালকসহ প্রতিযোগিতায় থাকা অজ্ঞাতনামা চালক ও হেলপার এখনো পলাতক রয়েছে। এর মধ্যে ঘাতক বাস ঢাকা মেট্টো-১১-৯২৯৭ ও ঢাকা মেট্টো গ-১১-৭৫৮০ জব্দ করা হয়েছে। উক্ত ঘটনা নিয়ে বর্তমানে পরিস্থিতি অনেক উত্তপ্ত রয়েছে। উক্ত কলেজসহ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ঘাতক বাসের চালক ও তাদের সহকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অন্দোলন করে আসছে। তাদের সামাল দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। এই পরিস্থিতিতে জাবালে নূর পরিবহনের ঘাতক চালক এবং তার সহযোগী অন্যান্য বাসের চালক ও হেল্পারদের অবস্থান ও তাদের গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারকৃত ৪ আসামির ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
আসামিদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় আসামিদের জামিন দিলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্তমান উত্তপ্ত পরিস্থিতি সারা দেশে ছড়িয়ে পড়বে। এজন্য আসামিদের জামিন নামঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে সোমবার রাতে আসামিদের গ্রেপ্তার করে র্যাব।
প্রসঙ্গত, রোববার (২৯ জুলাই) দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাস স্ট্যান্ডে ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুত গতিসম্পন্ন জাবালে নূরের বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিমিষেই ওঠে পড়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর। চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুজন। এছাড়া, আহত হন আরও ১৫/২০ জন শিক্ষার্থী।
ওই ঘটনায় রোববার দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানায় মিমের বাবা জাহাঙ্গীর আলম এ মামলা দায়ের করেন।


