নিজস্ব প্রতিবেদক : জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ মামলায় দুই সহকারী কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার আদালতে এ সংক্রান্ত চার্জশিট (চার্জশিট নং-২৩৮) দাখিল করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব ভট্রাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ২৪ আগস্ট দুদকের উপসহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে তিনিই কমিশনের অনুমোদনক্রমে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ঢাকা রমনা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও প্রাক্তন সার্ভেয়ার মো. আবু জাফর, সহকারী কমিশনার (ভূমি) ও প্রাক্তন সার্ভেয়ার মো. আফজাল হোসেন, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. মজিবুর রহমান, সার্ভেয়ার নাঈম আহমেদ, মো. আবুল কালাম আজাদ, প্রাক্তন কানুনগো মো. শহিদুল ইসলাম, ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. মোগল মোল্লা এবং মো. আব্দুল বাতেন মোল্লা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে (এলএ কেস নং ০২/২০০৭-০৮) ঢাকা জেলার খিলক্ষেত থানাধীন বরুয়া মৌজার আরএস দাগ নং ৮৯৬ এর ০.৭০ একর ভূমির মালিকানার সমর্থনে ভুয়া রেকর্ডপত্রকে খাঁটি হিসেবে ব্যবহার করে ভুয়া নূর নাহারকে ক্ষতিপূরণ প্রদান দেখিয়ে সরকারী ৩৮ লাখ ৪১২ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। ২০১১ সালের ২১ নভেম্বর থেকে ২০১২ সাল ১০ জানুয়ারি সময়ের মধ্যে ওই আত্মসাতের ঘটনা ঘটে।


