দুই সাংবাদিককে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক : তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতাল কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনের সময় এটিএন বাংলার দুই সাংবাদিককে পুলিশের নির্যাতনের ঘটনায় সহকারী উপ-পরিদর্শক এরশাদকে প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন এডিসি (অ্যাডমিন) নাবিদ কামাল শৈবাল, এডিসি রমনা আজিমুল হক ও এসি রমনা ইহসানুল হক।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার মারুফ হোসেন সরদার বিষয়টি  জানিয়েছেন।

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর শাহবাগ থানায় দুই সাংবাদিক পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। তারা হলেন এটিএন বাংলার রিপোর্টার এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলিম। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে।