ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ভর করে একটি দুষ্কৃতকারী চক্র প্রধানমন্ত্রীর উন্নয়নকে ধ্বংস করতে চাচ্ছে। ইতোমধ্যে তারা বেশ কিছু উন্নয়ন ধ্বংস করেছে। তাদের এ অপশক্তিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে ৭৪ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নিক্সন চৌধুরী বলেন, একজন মেধাবী শিক্ষার্থী আগামী দিনের দেশ পরিচালনা করবে। ভাঙ্গাকে উন্নয়ন করবে। প্রতিটি মেধাবী ছাত্র-ছাত্রী তৈরি করতে বাবা মাকে খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তাই আমি সবাইকে অনুরোধ করব- আগামীতে মেধাবীদের সংবর্ধনা দেওয়ার সময় অবশ্যই তাদের অভিভাবকদের যেন সংবর্ধনা দেওয়া হয়।
এমপি বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। পিতা-মাতা ও জাতি তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। সুতরাং ভালোমতো পড়াশোনা করে আগামীতে দেশ পরিচালনায় হাল ধরতে সবার প্রতি বিশেষভাবে আহবান রইল।
ভাঙ্গা উপজেলায় এ বছরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন শিক্ষার্থী। তাদের সম্মাননা, ১টি ব্যাগ, খাতা-কলমসহ উপহার সামগ্রী তুলে দেন এমপি নিক্সন চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাওসার ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।


