দূষণ আর দুর্গন্ধে অবস্থা বিরাজ করছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে

সাভার : দূষণ আর দুর্গন্ধে হাজারীবাগের মতই অবস্থা বিরাজ করছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে।

হাজার কোটি টাকা বিনিয়োগ করেও এখন পর্যন্ত এই শিল্পকে পরিবেশের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হয়নি। সাভারের হরিণধারায় উৎপাদন প্রক্রিয়া শুরুর পর থেকেই সেখানকার পরিবেশকে বিষিয়ে তুলছে এই শিল্প।

বাতাসের সঙ্গে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি নদী নালার পানিতেও ছড়িযে যাচ্ছে বিষাক্ত কেমিক্যাল। আগামী ঈদের পশুর চামড়া এখানে আনা হলে সমস্যা আরো ভয়াবহ হতে পারে।

বিসিক সূত্রে জানা গেছে, হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত হওয়ার পর সাভারের হরিণধারায় বিশেষায়িত এই শিল্পাঞ্চলের ১৪৫ কারখানার মধ্যে এখন পর্যন্ত ৬৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এই ৬৭ কারখানার বর্জ্য ব্যবস্থাপনাতেই হিমশিম খাচ্ছে বিসিক কর্তৃপক্ষ। বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় ব্যবহৃত স্থাপনাগুলো এখনো প্রস্তুত না হওয়ায় এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

সরেজমিন বিসিক চামড়া শিল্প নগরী ঘুরে এর নাজুক চিত্র দেখা গেছে। আধুনিক এই শিল্পাঞ্চলে প্রবেশের আগেই দম বন্ধ হয়ে আসে সাধারণ মানুষের। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে চামড়া। ড্রেনেজ থেকে উপচে রাস্তাঘাটে স্থান করে নিয়েছে কেমিক্যালযুক্ত তরল বর্জ্য। তাতে আরো প্রকট হচ্ছে দুর্গন্ধ। সড়কগুলোও খানাখন্দে ভরপুর । বৃষ্টি হলেই হাটু পানি দেখা দেয় প্রতিটি সড়কে।

সবচেয়ে বেশি দূর্গন্ধ ছড়াচ্ছে কাঁচা চামড়ার ছেটে ফেলা অংশের স্তুপ। পশ্চিম প্রান্তে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন কেন্দ্রের পাশে প্রতি মাসে শত শত টন চামড়ার অংশ ফেলছে উৎপাদনে থাকা কারখানাগুলো। উন্মুক্ত স্থানে এভাবে চামড়ার স্তুপ গড়ে তোলায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

ঝাউচর গ্রামের বাসিন্দা আব্দুর রব অভিযোগ করে বলেন, ‘ট্যানারি কারখানাগুলো আমাদের জন্য বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। চামড়ার পঁচা গন্ধে বাড়িতে বসবাস করাই অনেক কঠিন।’

বিসিকের পরিকল্পনায় কারখানাগুলোর সলিড বর্জ্য ব্যবস্থাপনার জন্য এসডব্লিউএমএস এবং তরল বর্জ্য পরিশোধনের জন্য সিইটিপি নামের দুটি স্থাপনার অস্তিত্ব বিদ্যমান। তবে এখন পর্যন্ত এসডব্লিউএমএস নির্মাণ না হওয়ায় উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে চামড়ার ছেটে ফেলা অংশ।

আর তরল বর্জ্য পরিশোধনের জন্য সিইটিপি নির্মাণ করা হলেও এখন পর্যন্ত সেটি পূর্ণাঙ্গ আকারে চালু করা যায়নি। এমনকি সিইটিপি থেকে পরিশোধন হওয়া বর্জ্য নদীতে ফেলার পর নদীর মাছ মরে ভেসে ওঠার অভিযোগ পাওয়া গেছে ঝাউচার গ্রামের বাসিন্দাদের কাছ থেকে।

এসব অভিযোগের বিষয়ে বিসিক চামড়া শিল্প নগরীরর প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল হকের কার্যালয়ে গিয়ে তার কাছে জানতে চাইলেও তিনি কোনো কথা না বলেই কার্যালয় থেকে চলে যান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের একজন প্রকৌশলী এ প্রতিবেদককে জানান, সিইটিপি ও এসডব্লিউএমএস নির্মাণের জন্য চাইনিজ কোম্পানি জিএলইপিসিএল’র সঙ্গে চুক্তি করা হয়েছিল। কিন্তু কোম্পানিটি এখন এসডব্লিউএমএস নির্মাণ করতে চাচ্ছে না। সিইটিপিও তারা সঠিকভাবে পরিচালনা করছে না। কিন্তু চাইনিজ কোম্পানিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে গেলেই বাধা হয়ে দাঁড়াচ্ছে চীনা দূতাবাস। এ সব বিষয় নিয়ে এখন রাষ্ট্রীয় নীতি নির্ধারণী ব্যক্তিদের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

তিনি জানান, এসব কারণের পাশাপাশি বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় যেসব নিয়মকানুন রয়েছে কারখানাগুলো সেসব নিয়মনীতিরও তোয়াক্কা করছে না। তরল বর্জ্যের ড্রেনেজে পুরো চামড়ার অংশ ফেলে দিচ্ছে কারখানার শ্রমিকরা। এতে ড্রেনেজ অকেজো হয়ে রাস্তায় উপচে পড়ছে। কারখানাগুলোতে এখনো ভবন নির্মাণ কাজ শেষ না করায় রাস্তাগুলোও ঠিক করা যাচ্ছে না।

সাভার উপজেলা নদী ও পরিবেশ রক্ষা কমিটির সহ-সভাপতি রোকেয়া হক বলেন, এই প্রকল্পটিতে হাজার কোটি টাকা খরচ হলেও পরিকল্পনা অনুযায়ী কাজ হয়নি। এ জন্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব অবহেলাই একমাত্র দায়ী। যে এলাকায় এই শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছে সেখান থেকে রাজধানীতে টাটকা সবজি জোগান দেওয়া হতো। এই শিল্পের কারণে সেই চাষাবাদ এখন হুমকির মধ্যে। মানুষের ক্ষতি করে শিল্পের উন্নয়ন মোটেও কাম্য নয়।